Logo

আন্তর্জাতিক    >>   বিশ্বকাপ শেষ হতেই ইরানকে জবাব দিচ্ছে যুক্তরাষ্ট্র: টানা নবম রাতের হামলা, কুয়েতে ড্রোন প্রতিরক্ষা সক্রিয়

বিশ্বকাপ শেষ হতেই ইরানকে জবাব দিচ্ছে যুক্তরাষ্ট্র: টানা নবম রাতের হামলা, কুয়েতে ড্রোন প্রতিরক্ষা সক্রিয়

বিশ্বকাপ শেষ হতেই ইরানকে জবাব দিচ্ছে যুক্তরাষ্ট্র: টানা নবম রাতের হামলা, কুয়েতে ড্রোন প্রতিরক্ষা সক্রিয়

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে। এর মধ্য দিয়ে টানা নবম রাতের মতো ইরানে সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন, ঠিক সেই সময়ই এই নতুন হামলা শুরু হলো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, নতুন এই সামরিক অভিযান ইতোমধ্যেই শুরু হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা অব্যাহত থাকবে।

সেন্টকমের দাবি, অভিযানে ইরানের সামরিক সক্ষমতাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত সামরিক অবকাঠামো এবং সক্ষমতা ধ্বংস করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এ অঞ্চলে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।

এদিকে, ইরানের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কুয়েত। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, আকাশসীমায় প্রবেশ করা শত্রু ড্রোনগুলোকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের আতঙ্কিত না হয়ে সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কুয়েতের সাম্প্রতিক পদক্ষেপ আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নতুন করে সামনে নিয়ে এসেছে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ