জর্ডানে দুই সেনা নিহতের পর ইরানে নতুন দফায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জর্ডানে দুই আমেরিকান সেনা নিহত হওয়ার ঘটনার পর ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইস্টার্ন টাইম অনুযায়ী শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু হয়। অভিযানের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করার সক্ষমতা আরও দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে দ্রুত জবাব দেওয়া।
সেন্টকমের তথ্য অনুযায়ী, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত চার সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সামান্য আহত অন্য সেনারাও চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফিরেছেন।
নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি। সেন্টকম জানিয়েছে, পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। এ ঘটনায় শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা কখনোই এমন কিছু দেখতে চাই না। তারা আমাদের দেশের সেবায় জীবন দিয়েছেন।"
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া এক বার্তায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।" সূত্র: জাগোনিউজ



















