Logo

আন্তর্জাতিক    >>   বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমএ আলীম সরকারের—সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমএ আলীম সরকারের—সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমএ আলীম সরকারের—সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান

 

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সমাজ, বিত্তবান ব্যক্তি এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)-এর সভাপতি এমএ আলীম সরকার।
গত সোমবার ১৩ জুলাই ২০২৬ এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে চট্টগ্রামে চলতি সপ্তাহে টানা ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়েছে, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশুদ্ধ পানীয় জল, খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
এমএ আলীম সরকার বলেন, এই মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি জাতীয় দায়িত্বও। তিনি বন্যাকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, নিরাপদ বিশুদ্ধ পানীয় জল, শুকনো খাবার, চিকিৎসাসেবা, স্যানিটেশন ব্যবস্থা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

বিজিপি সভাপতি এমএ আলীম সরকার

তিনি আরও বলেন, কৃষকদের ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, কৃষিঋণ পুনঃতফসিল এবং পুনর্বাসনের কার্যকর কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে বন্যা-পরবর্তী পুনর্বাসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজিপি সভাপতি বলেন, দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবিক সংকটের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম ও মানবতার পরিচয়।
তিনি বাংলাদেশ গণমুক্তি পার্টির সকল স্তরের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। পাশাপাশি সরকারকে সুষ্ঠু, স্বচ্ছ ও বৈষম্যহীনভাবে ত্রাণ বিতরণ নিশ্চিত করা এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন।