হরমুজে জাহাজে ইরানের হামলা: ১০ ভারতীয় নাবিক উদ্ধার, একজন নিখোঁজ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সাইপ্রাসের পতাকাবাহী জিএফএস গ্যালাক্সি (GFS Galaxy) নামের জাহাজটিতে হামলার সময় ১১ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও একজনের সন্ধান এখনো মেলেনি।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিখোঁজ নাবিককে উদ্ধারে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। হামলায় জাহাজটিতে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণ বাঁচাতে ক্রু সদস্যরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। ইরানের দাবি, অনুমোদন ছাড়া নির্ধারিত পথ অতিক্রম করায় জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ঘটনার পর হরমুজ প্রণালিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সময়ে হামলার জবাবে ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) (CENTCOM)। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। নয়াদিল্লি বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল পুনরুদ্ধার এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে ভারত। সূত্র: এনডিটিভি



















