রাশিয়ায় ইউক্রেনের এক সপ্তাহব্যাপী হামলায় নিহত ৪২, আহত ২৮৫
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত এক সপ্তাহে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী ৫ হাজার ১০০টিরও বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। এসব হামলায় দুই শিশুসহ ৪২ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত রোডিয়ন মিরোশনিক। তার এ বক্তব্য প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস।
মিরোশনিকের দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনের গোলাবর্ষণ ও ড্রোন হামলায় মোট ৩২৭ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে এবং আহতদের মধ্যে নয়জন অপ্রাপ্তবয়স্ক। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বেলগোরোদ, ভোরোনেজ, দোনেৎস্ক, জাপোরোজিয়ে ও খেরসন অঞ্চলে।
তার অভিযোগ, ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলার পাশাপাশি রুশ নিয়ন্ত্রিত এলাকায় মাইনও পেতে রাখছে। ব্রিয়ানস্ক অঞ্চলের নিজনিয়ে গ্রামের একটি উৎপাদন কারখানায় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে তিনজন শ্রমিক আহত হন। এছাড়া বেলগোরোদ অঞ্চলের প্লোস্কোয়ে গ্রামে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
মিরোশনিক আরও অভিযোগ করেন, ইউক্রেনীয় বাহিনী চিকিৎসা প্রতিষ্ঠান ও জরুরি সেবার যানবাহনকেও লক্ষ্যবস্তু করছে। তার দাবি, খেরসন অঞ্চলে একটি এফপিভি (FPV) ড্রোন হামলায় একটি অ্যাম্বুলেন্সের নারী প্যারামেডিক নিহত এবং চালক গুরুতর আহত হন। এছাড়া জাপোরঝিয়া অঞ্চলের ভাসিলিয়েভস্কায়া কেন্দ্রীয় জেলা হাসপাতালও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে রাশিয়া দাবি করেছিল, পশ্চিমা মিত্রদের কাছ থেকে ২০৩০ সালের মধ্যে অন্তত ১৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের সহায়তা পাবে ইউক্রেন। রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে রাষ্ট্র পরিচালনা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই অর্থ সহায়তা হিসেবে দেওয়া হবে বলে মস্কোর দাবি।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে। এ সংঘাতে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, অ্যাংকোরেজ ও ইস্তাম্বুল চুক্তি এবং বর্তমান বাস্তবতার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে রাশিয়া। সূত্র: তাস, জাগো নিউজ



















