Logo

আন্তর্জাতিক    >>   বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এআই ও ডিজিটাল রূপান্তরে বড় পদক্ষেপ

বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এআই ও ডিজিটাল রূপান্তরে বড় পদক্ষেপ

বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এআই ও ডিজিটাল রূপান্তরে বড় পদক্ষেপ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বিশ্বব্যাপী খরচ কমানো এবং ব্যবসাকে আরও প্রযুক্তিনির্ভর করতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে তামাক শিল্পের অন্যতম শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। লাকি স্ট্রাইক ও ডানহিল ব্র্যান্ডের সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সরাসরি ৫ হাজার ৫০০টি পদ বিলুপ্ত করার পাশাপাশি আরও ৩ হাজার ৫০০টি পদ আউটসোর্স করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ছাঁটাই কোন কোন দেশে প্রভাব ফেলবে, তা নির্দিষ্ট করে জানায়নি বিএটি। তবে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রে এর কোনো প্রভাব পড়বে না।

চলতি বছরের শুরুতেই কোম্পানিটি জানায়, ব্যবসাকে আরও ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর করতে তারা বড় ধরনের ব্যয়সংকোচন পরিকল্পনা হাতে নিয়েছে। কারণ বিশ্বজুড়ে প্রচলিত সিগারেটের বিক্রি কমে যাচ্ছে এবং ধূমপায়ীদের একটি বড় অংশ এখন ভ্যাপ ও নিকোটিন পাউচের মতো বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতিতে বিএটি তাদের প্রবৃদ্ধি ধরে রাখতে ভিউজ ভ্যাপ ও ভেলো নিকোটিন পাউচের মতো নতুন প্রজন্মের পণ্যের ওপর গুরুত্ব বাড়াচ্ছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটির বিক্রি ও মুনাফার প্রবৃদ্ধি ছিল মন্থর।

বর্তমানে বিশ্বজুড়ে বিএটির প্রায় ৪৭ হাজার কর্মী রয়েছে। কোম্পানির হিসাব অনুযায়ী, এই পুনর্গঠনের ফলে ২০২৮ সালের মধ্যে প্রতিবছর প্রায় ৬০ কোটি পাউন্ড সাশ্রয় সম্ভব হবে। বিএটির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তাদের বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। উচ্চমূল্যের কারণে অনেক ভোক্তা পরিচিত ব্র্যান্ড ছেড়ে তুলনামূলক সস্তা পণ্যের দিকে ঝুঁকছেন। পাশাপাশি বিভিন্ন দেশে বাড়তি কর, কঠোর সরকারি বিধিনিষেধ এবং বিশেষ করে ভ্যাপ পণ্যের লাইসেন্স অনুমোদনে বিলম্বও কোম্পানিটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিএটির অভিযোগ, এসব জটিলতার সুযোগ নিয়ে বাজারে অবৈধ চীনা ভ্যাপ পণ্যের বিস্তার ঘটেছে, যা তাদের বিক্রি ও বাজার অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলছে। আর্থিক প্রতিষ্ঠান এজে বেলের বাজার প্রধান ড্যান কোটসওয়ার্থ বলেন, প্রচলিত সিগারেট থেকে নতুন প্রজন্মের নিকোটিন পণ্যে রূপান্তর প্রত্যাশার তুলনায় ধীরগতির হচ্ছে। একই সঙ্গে অবৈধ ভ্যাপ পণ্যের বিস্তার বৈধ উৎপাদকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

বিএটি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ এটি সম্পন্ন হবে। প্রধান নির্বাহী তাদেউ মারোকো বলেন, এই পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও গতিশীল, ব্যয়-সাশ্রয়ী ও প্রযুক্তিসক্ষম হয়ে উঠবে। তবে তিনি স্বীকার করেন, এই সিদ্ধান্তে অনেক কর্মী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে এই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সূত্র: বিবিসি, জাগোনিউজ