বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান!
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাহরাইনের ভূখণ্ডে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার ভোরে ইরানের পক্ষ থেকে কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ড লক্ষ্য করে পাঠানো হয়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। মন্ত্রণালয়ের ভাষ্য, এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
এদিকে হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জেরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, কার্গো জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।
এই ঘটনার ফলে হরমুজ প্রণালিতে আটকে থাকা হাজার হাজার নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের দাবি, সংশ্লিষ্ট কার্গো জাহাজটি উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রমের সময় অনুমোদনহীন রুট ব্যবহার করছিল। সে কারণেই জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে একে ‘বোকামিপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছিলেন। সর্বশেষ বাহরাইন, হরমুজ প্রণালি ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল জাজিরা, জাগো নিউজ



















