তিন দিনের সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে ভারত সফরে যাচ্ছেন। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর আমন্ত্রণে তিনি ১ থেকে ৩ জুলাই নয়াদিল্লি সফর করবেন বলে জানিয়েছে দ্য স্টেটসম্যান।
প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে সানায়ে তাকাইচির প্রথম ভারত সফর। সফরকালে তিনি ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে অনুষ্ঠিত ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিও সফর করেছিলেন। বিশ্লেষকদের মতে, সানায়ে তাকাইচির এবারের ভারত সফর দুই দেশের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: জাগো নিউজ, দ্য স্টেটসম্যান



















