Logo

আন্তর্জাতিক    >>   অপারেশন সিঁন্দুর চলাকালে নিহত ছয়জন সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

অপারেশন সিঁন্দুর চলাকালে নিহত ছয়জন সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

অপারেশন সিঁন্দুর চলাকালে নিহত ছয়জন সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারত সরকার প্রথমবারের মতো ‘অপারেশন সিঁন্দুর’ চলাকালে নিহত ছয়জন সেনাসদস্যের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন। তাদের নাম ভারতের রাজধানী নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে সংরক্ষণ করা হবে।

সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী, শহীদ সেনাসদস্যরা হলেন— সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে প্রাণ উৎসর্গ করা সেনাসদস্যদের তালিকার সঙ্গেই এই ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে। তাদের নাম নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ‘ত্যাগ চক্রে’ খোদাই করা হবে। স্বাধীনতার পর দেশরক্ষায় আত্মোৎসর্গ করা প্রতিটি সেনাসদস্যের নাম এই স্মৃতিসৌধের গ্রানাইট প্রাচীরে সংরক্ষণ করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ মে ভারত ‘অপারেশন সিঁন্দুর’ নামে পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সামরিক অভিযান শুরু করে। জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জবাবে এই অভিযান চালানো হয়।

ভারতের অভিযানের পর পাকিস্তান পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায়। এর ফলে দুই দেশের মধ্যে চার দিন ধরে আকাশযুদ্ধ, ড্রোন হামলা এবং সীমান্তজুড়ে ব্যাপক গোলাবিনিময় চলে। শেষ পর্যন্ত ১০ মে উভয় দেশের মধ্যে সংঘাতের অবসান ঘটে। সূত্র: এনডিটিভি, জাগোনিউজ