পাঁচ দশকের আস্থা, বিশ্বজুড়ে সংবাদ পরিবেশনের জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডয়চে ভেলে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জার্মানির রাষ্ট্রীয় আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে (Deutsche Welle) দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্বজুড়ে আস্থা অর্জন করেছে। ৩২টি ভাষায় সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারকারী এই প্রতিষ্ঠান বর্তমানে ডিজিটাল মাধ্যমেও ব্যতিক্রমী কনটেন্ট তৈরির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলছে। বিশেষ করে ডয়চে ভেলে বাংলার নানা প্রতিবেদন ও অনুষ্ঠান বাংলাভাষী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
ডয়চে ভেলের বৈশ্বিক নেটওয়ার্কে চার হাজার চারশোর বেশি অংশীদার সংবাদমাধ্যম ও সম্প্রচারমাধ্যম রয়েছে। এসব অংশীদারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ডয়চে ভেলের সংবাদ, ভিডিও প্রতিবেদন, ছবি ও অন্যান্য কনটেন্ট প্রচারিত হয়।
১৯৭৫ সাল থেকে বাংলা ভাষায় সংবাদ পরিবেশন করে আসছে ডয়চে ভেলে। জার্মানির বন (Bonn) শহরে অবস্থিত প্রধান কার্যালয় থেকে বাংলা বিভাগের কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি ঢাকা, দিল্লি ও কলকাতা থেকে সংবাদ সংগ্রহ করে পাঠক-দর্শকদের কাছে তুলে ধরা হয়। বাংলাদেশ ও ভারতের অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা এই দল ইউরোপ, দক্ষিণ এশিয়া এবং বাংলার সাহিত্য-সংস্কৃতিসহ নানা বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে ডয়চে ভেলে বাংলা। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি বিভিন্ন সংকটকালে সাধারণ মানুষের কথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সংকট (Rohingya Refugee Crisis) নিয়ে তাদের বিশেষ কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
২০২১ সাল থেকে ডয়চে ভেলের ডিস্ট্রিবিউশন এশিয়া টিম বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলে তারা বৈচিত্র্যময় ভিডিও ও অনলাইন প্রতিবেদনের মাধ্যমে তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।
ডয়চে ভেলের জনপ্রিয় বাংলা অনুষ্ঠান ও প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘অন্বেষণ’, ‘শিফট’, ‘ইনফোমাইগ্র্যান্টস’ এবং ‘ইকো বাংলাদেশ’। এসব প্রকল্পে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমও যুক্ত রয়েছে।
রাজনীতি, অর্থনীতি, অভিবাসন, পরিবেশ ও সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ডয়চে ভেলে বাংলা বর্তমানে প্রায় ২৯ কোটি বাংলাভাষীর কাছে পৌঁছে যাচ্ছে। সংবাদ ও বিশ্লেষণভিত্তিক অনুষ্ঠান দিয়ে প্রতিষ্ঠানটি বাংলাভাষী দর্শকদের কাছে বিশ্বকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরছে। সূত্র: প্রথম আলো



















