Logo

আন্তর্জাতিক    >>   তোফায়েল আহমেদের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের গভীর শোক: জাতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের বিদায়ে প্রবাসে শোকের ছায়া

তোফায়েল আহমেদের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের গভীর শোক: জাতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের বিদায়ে প্রবাসে শোকের ছায়া

তোফায়েল আহমেদের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের গভীর শোক: জাতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের বিদায়ে প্রবাসে শোকের ছায়া

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার।

সংগঠনের সভাপতি সাখাওয়াত আলী এবং সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এক যৌথ শোকবার্তায় বলেন, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি আজীবন বাঙালির অধিকার, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। নেতৃদ্বয় বলেন, ছাত্রনেতা হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তাঁর অসামান্য অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সারাজীবন আপসহীন থেকেছেন।

শোকবার্তায় আরও বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর হিসেবে তোফায়েল আহমেদ দেশের রাজনৈতিক অঙ্গনে সততা, সাহসিকতা ও আদর্শিক দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নেতৃবৃন্দ বলেন, তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জননন্দিত নেতা হারালো। তাঁর অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সাখাওয়াত আলী
সভাপতি
বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার

সুব্রত তালুকদার
সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার