বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই — অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না: টিকা সংকট, শিশু মৃত্যু ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতা দাবি
- By Progga News Desk --
- 27 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের সভাপতি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। গত মঙ্গলবার (২০ মে ২০২৬) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে গঠিত “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের এক ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশ-বিদেশের অর্ধশতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশ নেন।
অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, টিকার সংকট ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার কারণে দেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি দাবি করেন, টিকার অভাবে সারাদেশে শত শত শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং এ দায় সংশ্লিষ্টদের এড়ানোর সুযোগ নেই। তিনি বলেন, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা, চিকিৎসা সেবার ঘাটতি এবং শিশুস্বাস্থ্য নিয়ে দায়িত্বহীনতার ফলেই এ ধরনের সংকট সৃষ্টি হয়েছে। তিনি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ এবং টিকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জনে পৌঁছেছে এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৬৭ জন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্ত শিশুদের মধ্যে ৭৫ থেকে ৮৩ শতাংশ টিকাবিহীন অথবা মাত্র এক ডোজ টিকা গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি। ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশের টিকাদান কর্মসূচি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিল। করোনা মহামারির সময়ও সরকার সফলভাবে কোটি কোটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছিল। অথচ বর্তমানে অব্যবস্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্টতার কারণে হাজার হাজার শিশু ঝুঁকির মধ্যে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, একসময় দেশে টিকাদান কর্মসূচি অত্যন্ত সফল ছিল এবং ২০১৮ সালে মাত্র ৩৬টি হামের কেস রিপোর্ট হয়েছিল। ২০২০ সালের মধ্যে হাম-রুবেলা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হলেও বর্তমানে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ডাঃ হাবিবে মিল্লাত মুন্না অভিযোগ করেন, দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। এমনকি অনেক এলাকায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও পাওয়া যাচ্ছে না। এর ফলে জনস্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, শিশু মৃত্যুর হার বৃদ্ধি এবং জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, টিকার সরবরাহ নিশ্চিত করা এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি রোধে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় এনে শিশু মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্র নির্মাতা ও সিনিয়র সাংবাদিক বাহার উদ্দিন খেলন এবং সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন। ভার্চুয়াল এই আলোচনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শফিক বাবু, মানিক লাল ঘোষ, এইচ এম দুলাল হোসেন, আহমেদ রাসেল, মোজাফফর হোসেন, জহির উদ্দিন ও আল-আমীন।
সভাপতির বক্তব্যে বাহার উদ্দিন খেলন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীর আওয়ামী লীগ হবে আরও পরিশুদ্ধ, আদর্শভিত্তিক ও শিক্ষিত নেতৃত্বের দল। তিনি বলেন, অতীতে যারা দুর্নীতি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের পুনরায় নেতৃত্বে আনা হলে তৃণমূল তা মেনে নেবে না। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।



















