Logo

আন্তর্জাতিক    >>   লিমন–বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ

লিমন–বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ

লিমন–বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। লিমন ও বৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮–এর প্রতিবেদনে বলা হয়, ৮ মে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় পরদিন শনিবার) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর এই ডিগ্রি দেওয়া হবে।

টাম্পা বে ২৮ জানিয়েছে, সমাবর্তনে লিমন ও বৃষ্টির সম্মানে দুটি চেয়ার খালি রাখা হবে। শোক জানাতে পালন করা হবে এক মিনিটের নীরবতা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনস্যুলেটে চিঠি দিয়ে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কনস্যুলেট থেকে বলা হয়েছে, তাদের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থাকবেন। তিনি জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন।

জামিল (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা (২৭) পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত ১৬ এপ্রিল তাঁরা নিখোঁজ হন। তাঁদের একজন বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র: প্রথম আলো