যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে সেরেনা হোটেল ও এর পাশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে, হোটেলটি ছেড়ে যাওয়ার জন্য সাধারণ অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ১১ এপ্রিল এই হোটেলেই প্রথম দফায় শান্তি আলোচনা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে। যদিও ওই আলোচনা সফল হয়নি। আগামী সোমবার সেখানে ফের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামাবাদ পৌঁছাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তবে ইরান জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনা অংশ নেওয়ার বিষয় তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সূত্র: বিবিসি,জাগোনিউজ



















