সমঝোতা হয়নি হয়নি প্রথম দিন— দ্বিতীয় দিনে গড়াচ্ছে শান্তি আলোচনা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রথম দিন ১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পরও কোনো সমঝোতা হয়নি। ফলে আলোচনা দ্বিতীয় দিনে গড়াচ্ছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। সংবাদমাধ্যমটি জানায়, শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টা থেকে পাকিস্তানের সেরেনা হোটেলে এই আলোচনা শুরু হয়। প্রথমে ইরানি কর্মকর্তারা পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, পরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন।
এই দীর্ঘ আলোচনা চলে রোববার ভোর ৩টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর কিছু সময় বিরতির পর আবারও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি এবং ইরানের পক্ষ থেকে জাতীয় স্বার্থ রক্ষায় অনড় অবস্থান নেওয়ায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মতপার্থক্য বড় বাধা হিসেবে দেখা দিয়েছে।
এদিকে, আজ রবিবার সকালে আরেক দফা মুখোমুখি বৈঠকও শেষ হয়েছে, যেখানে দুই পক্ষ বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে লিখিত প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় এখনও বেশ কিছু গুরুতর মতভেদ রয়ে গেছে। ইরানি পক্ষের বক্তব্য, এখন সমাধানের দায়িত্ব মূলত যুক্তরাষ্ট্রের ওপর—তাদের ‘অতিরিক্ত দাবি’ থেকে সরে এসে বাস্তবসম্মত অবস্থান নিতে হবে।
ইরান এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে বলেছেন, উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখা অপরিহার্য।
বিবৃতিতে তিনি বলেন, আমরা আশা করি যে উভয় পক্ষ সমগ্র অঞ্চল এবং এর বাইরেও টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, পাকিস্তান আগামী দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পৃক্ততা ও সংলাপ সহজ করতে তার ভূমিকা পালন করে যাবে।
দার যুদ্ধবিরতি অর্জনে সহায়তার জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে ‘প্রশংসা করার’ জন্য উভয় পক্ষের প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেন এবং বলেন, তিনি আশা করেন উভয় পক্ষ ‘টেকসই শান্তি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব’ নিয়ে কাজ চালিয়ে যাবে। সূত্র: তাসনিম, জাগোনিউজ



















