ভারতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের ইঞ্জিনে গাড়ির ধাক্কা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিমানবন্দর সূত্রে জানা গেছে, এদিন রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো ৬ই-৬৬৬৩ একটি বিমান বিমানবন্দরের বে-নম্বর ৫১ তে দাঁড়িয়ে ছিল। তার কিছু দূরে দাঁড়িয়ে ছিল একটি ছোট চার চাকার গাড়ি।
গাড়িটি হঠাৎ করে বিমানটির ডান দিকের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। বিমানের ইঞ্জিন এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়, সেই সঙ্গে গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে সে সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না। এই ঘটনার কোনো হতাহতের খবর নেই।
ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছে, বিমানটি কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল। বিমানটি গুয়াহাটি যাওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য গ্রাউন্ডে রাখা ছিল। সে সময় দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর সূত্রে এও জানা গেছে, এই সমস্ত ঘটনার এরইমধ্যে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্র: জাগোনিউজ



















