রাশিয়ার তেল অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
রাশিয়ার গুরুত্বপূর্ণ বাল্টিক বন্দর এলাকায় তেল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যার ফলে সাময়িকভাবে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়া। আজ রবিবার (৫ এপ্রিল) ভোরে প্রিমোরস্ক বন্দরের কাছে একটি তেল পাইপলাইনে এই হামলা হয়। প্রাথমিকভাবে স্থানীয় গভর্নর অ্যালেক্সান্ডার ড্রোজেডেনকো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করেছে।
তবে পরে সংশোধিত তথ্য দিয়ে তিনি বলেন, পাইপলাইন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি; বরং একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত লাগার ফলে তেল ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। দেশটির ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রাভডি জানান, তারা ট্রান্সনেফট পরিচালিত প্রিমোর্স্ক বন্দর এবং লুকঅয়েলের একটি রিফাইনারিতেও আঘাত হেনেছে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে, যাতে মস্কোর তেল রপ্তানি থেকে আয় কমানো যায়। প্রিমোরস্ক বন্দরটি প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল রপ্তানির সক্ষমতা রাখে, যা রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইন থেকে অনেক দূরে ঘটলেও, এটি জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি, জাগোনিউজ



















