Logo

আন্তর্জাতিক    >>   ইরানের জন্য যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নজরদারি চালিয়েছে রাশিয়া: ভ্লাদিমির জেলেনস্কি

ইরানের জন্য যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নজরদারি চালিয়েছে রাশিয়া: ভ্লাদিমির জেলেনস্কি

ইরানের জন্য যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নজরদারি চালিয়েছে রাশিয়া: ভ্লাদিমির জেলেনস্কি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালিয়ে সেই তথ্য ইরানকে সরবরাহ করছে। তিনি জানান, গত সপ্তাহে সাতটি স্থানে নজরদারি করা হয়েছে বা ছবি তোলা হয়েছে—যার মধ্যে কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতারে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটি রয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি বলেন, এটি অদ্ভুত—নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে, আর আগ্রাসী পক্ষ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করতে তথ্য দিচ্ছে। বিশ্লেষকদের মতে, তিনি সম্ভবত রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের সাময়িক নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত একাধিক সূত্র জানিয়েছে, রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার অবস্থান ও চলাচল সংক্রান্ত তথ্য সরবরাহ করছে। একজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তার দাবি, রাশিয়া ইরানকে ড্রোন ব্যবহারে লক্ষ্য নির্ধারণে কৌশলগত পরামর্শও দিচ্ছে।

অন্যদিকে সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আগাম সতর্কতা ও কন্ট্রোল বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। খবরে বলা হয়, শুক্রবার (২৮ মার্চ) প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ১২ জন যুক্তরাষ্ট্রের সেনা আহত হন এবং কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়।

অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা গেছে, হামলায় একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এ ধরনের বিমান উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করে শত শত কিলোমিটার দূর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এবং আকাশ থেকে যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র সরবরাহ করে। সূত্র: সিএনএন, জাগোনিউজ