বাংলাদেশের স্থিতিশীলতা পুনরুদ্ধারে ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি
নয়ন বিশ্বাস রকি:
বাংলাদেশ আজ এক গভীর উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে—এমনটাই মনে করছেন অনেক সচেতন নাগরিক। স্বাধীনতার চেতনায় গড়া একটি শান্ত ও সম্ভাবনাময় দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে। গত ১৮ মাসে দায়িত্ব গ্রহণের পর দেশের প্রতি মানুষের যে আশা ও প্রত্যাশা ছিল, তা পূরণ না হয়ে বরং হতাশা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে বলে সমালোচকরা দাবি করছেন।
দায়িত্ব গ্রহণের শুরুতে সমালোচনার প্রতি সহনশীলতার কথা বলা হলেও, পরবর্তীতে ভিন্ন চিত্র সামনে এসেছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন মহলের দাবি—সমালোচনাকারী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার, এবং গণমাধ্যমে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনা ঘটেছে। এতে করে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে মামলা ও গ্রেফতারের অভিযোগ রয়েছে। একই সঙ্গে কারাগারে নির্যাতন ও মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে বলে মতামত উঠে এসেছে।
এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনাও ব্যাপকভাবে আলোচিত। থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটের মতো ঘটনাগুলোর যথাযথ তদন্ত ও উদ্ধার না হওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব অস্ত্র ভবিষ্যতে কোথায় এবং কীভাবে ব্যবহৃত হবে—এ নিয়ে আশঙ্কা বিরাজ করছে।
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে বলে সমালোচনা রয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচন নিয়েও বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছে, যার ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের জনগণের একটি বড় অংশ এখন আশা করছে—সাম্প্রতিক সকল সহিংসতা, অপরাধ ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত হবে এবং দোষীদের বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি, সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার করার জোর দাবি উঠেছে।
জনগণের বিশ্বাস—ন্যায়বিচার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ আবারও স্থিতিশীলতা ও শান্তির পথে ফিরে আসবে।
নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক।


















