ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি লেখেন, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পিছিয়ে ৬ এপ্রিল (সোমবার) রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার কাছে জ্বালানি স্থাপনায় ৭ দিন হামলা বন্ধের জন্য বললেও তিনি তাদের ১০ দিন দিয়েছেন এবং এজন্য ইরান তার প্রতি ‘অনেক কৃতজ্ঞ’। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, ফক্স নিউজের সঙ্গে ফোনে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা ভালোই চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তারা আমার লোকের মাধ্যমে আমাকে বলেছে, আমরা কি আরও সময় পেতে পারি? তারা সাত দিন সময় চেয়েছে। আমি বলেছি, আমি তোমাদের ১০ দিন দিচ্ছি। কারণ তারা আমাকে জাহাজ পারাপারের সুযোগ দিয়েছে। আমরা ৮টি জাহাজের ব্যাপারে কথা বলেছি, এটাই সেই উপহার যার কথা আমি আগের দিন বলেছিলাম।
ইরানের কাছ থেকে উপহার পাওয়া প্রসঙ্গে মি. ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে উপহার হিসেবে ১০টি জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। তিনি এ সময় জানান, ইরান দেখাতে চাইছিল যে তারা স্পষ্ট এবং নীতিবান। বর্তমানে ৮টি জাহাজ যাচ্ছে এবং পরবর্তীতে আরও দুটি জাহাজ যোগ হবে।
সোমবার ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় ৫ দিন হামলা স্থগিতের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেও পরে তিনি তা ১০ দিন করেন। ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আমেরকিা ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাবনা পাঠিয়েছে। বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল। ট্রাম্পের এমন ঘোষণার কিছুক্ষণ পরই তা আবার কমে গেছে।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যত দ্রুত সম্ভব, এ বিষয়ে 'সিরিয়াস' হওয়া ভালো। কারণ সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না। এর আগে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে শুক্রবার পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। সে হিসাবে আগামীকাল পর্যন্ত স্থাপনাগুলোয় হামলা বন্ধ থাকার কথা ছিল। সূত্র: জাগোনিউজ


















