ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে ও দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এই দাবি করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একজন ‘সম্মানিত’ ইরানি নেতার সঙ্গে আলোচনা করেছে। তিনি আরও দাবি করেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই তার সঙ্গে যোগাযোগ করেছে।
তবে ডোনাল্ড ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা চলছে না।
আলোচনা প্রসঙ্গে মি. ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে কি না, তা তিনি নিশ্চিত করে বলতে পারেন না। তবে যদি কোনো চুক্তি হয়, তাহলে তা ইরান এবং পুরো অঞ্চলের জন্য একটি বড় ইতিবাচক সূচনা হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, কিছুক্ষণ আগে তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যে আলোচনা করছে, তাতে ইসরায়েল ‘খুবই সন্তুষ্ট’ হবে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ


















