Logo

আন্তর্জাতিক    >>   অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের শ্রদ্ধাঞ্জলি

অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের শ্রদ্ধাঞ্জলি

অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের শ্রদ্ধাঞ্জলি

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী–এর সাবেক সভাপতি, দেশবরেণ্য লেখক, প্রাজ্ঞ রবীন্দ্রগবেষক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
আজ ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, নাতি-নাতনি, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর নয়াপল্টন জামে মসজিদে জানাজা নামাজ শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এক শোকবার্তায় যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্লারা রোজারিও এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ বলেন, “অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের এক অগ্রদূত ও অনুপ্রেরণার উৎস। তাঁর প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ ও রবীন্দ্রচর্চা আমাদের সাংস্কৃতিক ধারাকে সমৃদ্ধ করেছে।”
তাঁর কর্মজীবনের সূচনা হয় নেত্রকোণা কলেজে অধ্যাপনার মাধ্যমে। পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দিয়ে বরিশালের বি এম কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও সিলেটের এমসি কলেজে সুনামের সঙ্গে অধ্যাপনা করেন। প্রতিষ্ঠাকাল থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।
২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে সংগঠন সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনে নতুন গতি পায়। সাহিত্য, গবেষণা ও সংস্কৃতি চর্চায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, “অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের আদর্শ, সাংস্কৃতিক সংগ্রাম ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের চলার পথকে আলোকিত করবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছে।