Logo

আন্তর্জাতিক    >>   কারাগারে অসুস্থ হয়ে বাংলাদেশের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

কারাগারে অসুস্থ হয়ে বাংলাদেশের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

কারাগারে অসুস্থ হয়ে বাংলাদেশের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। স্থানীয় সময় আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ৯টা ২৯ মিনিটে রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সকালে রমেশ চন্দ্র সেন ঘুম থেকে উঠে নিয়মিত কাজ শেষে নাস্তাও করেছিলেন। এরপর তিনি ওয়ার্ডের বাথরুমে যান। সেখানে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।”

দিনাজপুর জেলা কারাগারের তথ্যমতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৭ আগস্ট থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা বিচারাধীন ছিল।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন ও মা বালাশ্বরী সেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা রমেশ চন্দ্র সেন তার রাজনৈতিক জীবনে পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সূত্র: মানবকণ্ঠ