Logo

আন্তর্জাতিক    >>   শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে নতুন চিঠি পাঠিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে নতুন চিঠি পাঠিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে নতুন চিঠি পাঠিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) তৌহিদ হোসেনের বরাত দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন সংক্ষেপে বলেছেন, “দিন দুয়েক আগে (শুক্রবার) চিঠিটি পাঠানো হয়েছে”। উপদেষ্টা এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাসসকে জানিয়েছে, নোট অব ভার্বালটি নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করে। শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষের স্বপক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার দিনই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঘোষণা করেন যে, ঢাকা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠাবে। তিনি বলেন, ‘চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যেই যাবে- এটা নিশ্চিত।’

তিনি আরও জানান, বাংলাদেশ আগেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আবেদন করেছিল, কিন্তু দিল্লি সাড়া দেয়নি। এখন পরিস্থিতি ভিন্ন, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই বাংলাদেশ তার অনুরোধ জানাবে বলে উপদেষ্টা জানান। সূত্র: বিবিসি