Logo

আন্তর্জাতিক    >>   বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. নাজলী কিবরিয়া

বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. নাজলী কিবরিয়া

বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. নাজলী কিবরিয়া

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. নাজলী কিবরিয়া যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ার (বিভাগীয় প্রধান) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি একই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. নাজলী কিবরিয়া বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও কূটনীতিক শাহ এ এম এস কিবরিয়ার কন্যা, এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার ছোট বোন। তাঁদের পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালাল সাপ আদর্শগ্রাম–গোপলারবাজারে।
বস্টন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান— হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, টাফটস বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (USC)—এ অধ্যাপনা করেন। সমাজতত্ত্ব, পরিবার গবেষণা, নারী–পুরুষ সম্পর্ক, জাতিগত পরিচয় ও অভিবাসন বিষয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত।
সমাজবিজ্ঞানে অবদান রাখার জন্য ড. কিবরিয়া আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের একাধিক ফেলোশিপ, অনুদান ও একাডেমিক পুরস্কার অর্জন করেছেন। তিনি ১৯৮৪ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ড. নাজলী কিবরিয়ার এ নিয়োগকে শিক্ষা–গবেষণা ক্ষেত্রে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে দেখছেন দেশ–বিদেশের গবেষকরা। যুক্তরাষ্ট্রের শীর্ষ একাডেমিক প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান হিসেবে তাঁর অর্জন অভিবাসী বাংলাদেশি একাডেমিক সমাজে ব্যাপক উৎসাহ জাগিয়েছে।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন ।