Logo

আন্তর্জাতিক    >>   কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ২০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত

কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ২০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত

কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ২০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রবাসে সৃজনশীল ও নির্মল সাহিত্যচর্চার ধারাবাহিকতায় ‘লেখকের অঙ্গন’-এর ২০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত হয়েছে গত ২৫ অক্টোবর (শনিবার) কুইন্স পাবলিক লাইব্রেরিতে। অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনায় ছিলেন পরিচালক নীরা কাদরী। তিনি উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দকে স্বাগত জানিয়ে আলোচনাপর্বের সূচনা করেন।
গ্রন্থালোচনার প্রথম আলোচক বিশিষ্ট সাহিত্য সেবী মমতাজ বেগম সুমি—
তিনি ফিলিপ্স সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক নাসরীন জাহান–এর বহুল আলোচিত উপন্যাস ‘উড়ুক্কু’ নিয়ে বক্তব্যে উপস্থাপন করেন উপন্যাসটির জীবনঘনিষ্ঠ বাস্তবচিত্র ও অনুভূতির মর্মস্পর্শী শিল্পরূপ।
পরবর্তী আলোচক কবি মোহাম্মদ মহিবুর রহমান—
বাংলা সাহিত্যের অনন্য কবি ও সাহিত্যিক বুদ্ধদেব বসু–র প্রবন্ধ ‘কালের পুতুল’–এর নির্বাচিত অংশের আলোকে কাজী নজরুল ইসলাম ও দীনেশরঞ্জন দাশ–এর কাব্যপ্রতিভার দীপ্ত পর্যালোচনা তুলে ধরেন।
লেখক ও কবি সুরীত বড়ুয়া—
শিল্প-সাহিত্যচর্চার শতাব্দীপ্রাচীন পত্রিকা সজনীকান্ত দাস সম্পাদিত ‘শনিবারের চিঠি’–র রবীন্দ্রসংখ্যায় প্রকাশিত সেই সময়কার বিশিষ্ট কবি-সাহিত্যিকদের রচনা ও রবীন্দ্রসান্নিধ্যের নান্দনিক অভিজ্ঞতার অংশবিশেষ পাঠ করে শোনান।
অধ্যাপক হুসনে আরা—
প্রখ্যাত গল্পকার তারাপদ রায়–এর ‘বিদ্যা বুদ্ধি’ গ্রন্থের নির্বাচিত হাস্যরসাত্মক কৌতুকাংশ উপস্থাপনে প্রাণবন্ত ভাষায় শ্রোতৃমণ্ডলীতে আনন্দের রেশ ছড়িয়ে দেন।
সাহিত্যের একনিষ্ঠ পাঠক চারু হক
বাংলা সাহিত্যের আলোকিত মানুষ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ–এর ‘দুর্বলতায় রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ’ গ্রন্থ থেকে রবীন্দ্রমানসের নানা ঘাত-প্রতিঘাত, জীবনসংগ্রাম ও মানবিক দুর্বলতার দার্শনিক বিশ্লেষণ তুলে ধরেন।
শেষ আলোচক কবি, সংগঠক ও ছড়াকার ধনঞ্জয় সাহা—
বিখ্যাত ব্রিটিশ লেখক সি. এস. লুইস–এর বহুল আলোচিত বই The Four Loves–এর প্রাকৃতিক, মানবিক, আধ্যাত্মিক ও শৈল্পিক প্রেমের নান্দনিক দিক তুলে ধরেন তাঁর আলোচনায়।
পরিশেষে পরিচালক নীরা কাদরী
কুইন্স পাবলিক লাইব্রেরির সহকারী ম্যানেজার সেলিনা শারমিন, লাইব্রেরি কর্তৃপক্ষ ও উপস্থিত সকল গ্রন্থালোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
খবর : প্রেস বিজ্ঞপ্তি