নিউইয়র্কে স্বর্ণালী গানের আসরে রিজিয়া পারভীন ও শাহনাজ বেবীর সুরে মুগ্ধ প্রবাসীরা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে গত ১৭ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার এক সুরম্য সাংস্কৃতিক সন্ধ্যায় প্রবাসী বাঙালিদের হৃদয় ছুঁয়ে গেল এক অসাধারণ আয়োজন। ‘স্বর্ণালী গানের আসর’ শিরোনামে এ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে Showtime এবং kb multimedia। পুরো অনুষ্ঠানটি ছিল গান ও গানের মানুষের জন্য—শিল্পীদের কণ্ঠে বাংলা গানের অনবদ্য পরিবেশনায় সেদিন সন্ধ্যা পরিণত হয় এক আবেগঘন সঙ্গীতানুষ্ঠানে।
অনুষ্ঠানে শুরু থেকেই উপচে পড়া দর্শকের উচ্ছ্বাস স্পষ্ট ছিল। আয়োজক শিল্পী কামরুজ্জামান বকুল ও খায়রুল ইসলাম খোকনের সঞ্চালনায় স্বল্প সময়ের জন্য মঞ্চে আহ্বান জানানো হয় নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা এবং যাঁরা এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছেন তাঁদের।
উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রকৌশলী মো. খালেক, এডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু, বিশিষ্ট রিয়েলেটর নুরুল আজিম, ময়নুজামান চৌধুরী, হাসান জিলানী, কলামিস্ট ও সাংবাদিক শাহ জে চৌধুরী, রিপাবলিকান নেতা নাসির খান পল, এম হায়দার মুকুট, আব্দুর রশিদ বাবু, বিশিষ্ট রিয়েলেটর সোহেল গাজী, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ফাহাদ সোলায়মান প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন গীতিকার মাহফুজ রহমান, সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার,সাংবাদিক কানু দত্ত, সাংবাদিক Anam Chowdhury, মঞ্চ উপস্থাপিকা Farah Chowdhury, উপস্থাপক ও ব্যবসায়ী মিয়া মোহাম্মদ দুলাল, মীম টিভির সম্পাদক সুজন আহমেদ, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, নির্বাহী সম্পাদক ও রিয়েলেটর মুনমুন সাহা প্রমুখ।
তবে সন্ধ্যার আসল রূপটি ফুটে ওঠে যখন মঞ্চে আসেন আধুনিক বাংলা গানের জনপ্রিয় দুই তারকা—Rizia Parveen এবং Shahnaz Baby। তাঁদের হৃদয় ছুঁয়ে যাওয়া গানের পরিবেশনায় মুহূর্তেই মোহাবিষ্ট হয়ে পড়েন উপস্থিত শত শত দর্শক। শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে শুরু করেন শ্রোতারাও। সৃষ্টি হয় এক মায়াময় সুরের মেলবন্ধন—যেন মঞ্চ, শিল্পী ও দর্শক একই সুরে বাঁধা পড়েছেন সঙ্গীতের জাদুতে।
সুশৃঙ্খল আয়োজন, চিত্তাকর্ষক মঞ্চসজ্জা, সাউন্ড ও লাইটিংয়ের নিখুঁত সমন্বয় অনুষ্ঠানে এনে দেয় এক বিশেষ মাত্রা। এটি শুধু একটি কনসার্ট ছিল না—এ ছিল প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ঐক্য, ভালোবাসা ও মিলনের উৎসব।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সঙ্গীত ও সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করতে ভবিষ্যতেও এমন সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে। সুর, আবেগ ও ঐতিহ্যের এই রাতটি প্রবাসী বাঙালিদের স্মৃতিতে দীর্ঘদিন ধরে অমলিন হয়ে থাকবে।



















