Logo

আন্তর্জাতিক    >>   লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২ -এর সাধারণ সভা অনুষ্ঠিত

লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২ -এর সাধারণ সভা অনুষ্ঠিত

লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২ -এর সাধারণ সভা অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
Lions Clubs International-এর আওতাধীন Lions District 20-R2-এর উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বারী টাওয়ারে অবস্থিত রোমিও’স ইতালিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো সংগঠনের এক সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্টের প্রাক্তন গভর্নরসহ ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর আওতাধীন বিভিন্ন লায়ন্স ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এবং অর্ধশতাধিক লায়ন সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবীব। শুরুতে লায়ন টোস্ট উপস্থাপন করেন লিও চেয়ারম্যান মারিয়া সানচেজ।


মূল আলোচনায় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “লায়নের প্রতিটি সদস্যই একে অপরের পরিপূরক। আপনাদের সহযোগিতা ছাড়া ডিস্ট্রিক্ট গভর্নরের এগিয়ে যাওয়া সম্ভব নয়। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই ডিস্ট্রিক্টকে আরও শক্তিশালী ও কার্যকরী করে গড়ে তোলা সম্ভব।”
তিনি আনন্দের সাথে ঘোষণা করেন, ১৪ বছরের পথচলায় ডিস্ট্রিক্ট ২০ আর ২ তাঁর নেতৃত্বকালীন সময়েই সদস্য সংগ্রহে পরিপূর্ণতা অর্জন করেছে। গভর্নর আসেফ বারী বলেন, “লায়ন হচ্ছে বনের রাজা, লায়ন সদস্যরা কখনো ঘুমান না— কারণ মানবতার সেবায় তারা সর্বদা নিয়োজিত।”
সভায় ডিস্ট্রিক্ট গভর্নরের সার্ভিস পার্টনার লেডি গভর্নর লায়ন মুনমুন হাছিনা বারী সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ২০২৫–২০২৬ মেয়াদকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে তিনি “মিশন ১.৫ মিলিয়ন” স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।


এছাড়া অনুষ্ঠানে রিজিওনাল চেয়ারম্যানরা তাদের নিজ নিজ অঞ্চলের প্রতিবেদন উপস্থাপন করেন। সভা শেষে ডিস্ট্রিক্ট গভর্নর আনন্দের সাথে ঘোষণা দেন যে, সদস্য সংগ্রহের লক্ষ্যে আজ ডিস্ট্রিক্টের অধীনে নতুন একটি ক্লাব—New York New Horizon Lions Club—Lions Clubs International কর্তৃক সনদ লাভ করেছে। এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ তারেক খান এবং সেক্রেটারি লায়ন মোঃ সোহেল হোসেনকে পরিচয় করিয়ে দেন এবং পদক ও স্মারক পড়িয়ে দেন গভর্নর আসেফ বারী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী লায়ন মুনমুন হাছিনা বারী ও লায়ন আহসান হাবীবকে Lions Clubs International প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত “সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন” সম্মাননা প্রদান করেন। উল্লেখ্য, এটি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্যতম উচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা।
পরিশেষে ডিস্ট্রিক্ট গভর্নর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজের আমন্ত্রণ জানান এবং সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।