Logo

আন্তর্জাতিক    >>   দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ১১ জনের মৃত্যু

দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ১১ জনের মৃত্যু

দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ১১ জনের মৃত্যু

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার পান্ধানা শহরের অরডালা গ্রামে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ট্রলি উল্টে পানিতে ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজয়া দশমীর শোভাযাত্রার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন কিশোরী এবং চারজন যুবক, যাদের আটজন অপ্রাপ্তবয়স্ক।

পুলিশ সূত্রে জানা গেছে, পাডলাফাটা এলাকার বাসিন্দারা প্রতিমা বিসর্জনের জন্য একটি জলাশয়ে ট্রলিতে করে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন। ট্রলিতে প্রতিমা ছাড়াও ২০-২৫ জন মানুষ ছিলেন। পানিতে নামার পর ট্রলিটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, পানির মধ্যে কোনো পাথরে চাকা আটকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। যারা ট্রলিতে ছিলেন, তাদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও ১১ জনকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি।

খান্ডোয়ার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বয়স ১৩ থেকে ২০ বছরের মধ্যে। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ ট্রলি চালককে আগেই সতর্ক করে দিয়েছিল। পানির মধ্যে নরম কাদামাটির কারণে ট্রলি নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু উৎসবের আনন্দে স্থানীয়রা সেই সতর্কতা আমলে নেননি।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৪ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

এই দুর্ঘটনা উৎসবের আনন্দকে ম্লান করে দিয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। সূত্রঃ মানবকন্ঠ