নিউইয়র্কে মহা অষ্টমী উদযাপন: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে ভক্তদের উপচে পড়া ভিড়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন মহা অষ্টমী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) ভোর থেকে রাত অবধি ভক্তদের ঢল নামায় পূজামণ্ডপ পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাস আর ভক্তিময় আবহে।
সাজসজ্জায় সেজে ওঠা মণ্ডপে প্রতিমার মহিমা ও আভা ভক্তদের মনে ছড়িয়ে দেয় এক অনন্য আধ্যাত্মিকতার রেশ। সকাল থেকে শুরু হয় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, পূজার্চনা, অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ। একে একে পূর্ণতা পায় মহা অষ্টমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান।
দেবীর আরাধনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশি জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নিল সজীব এবং ভারতীয় শিল্পী রুদ্রনীল দাস রুপাই-এর হৃদয়স্পর্শী সঙ্গীত ভক্ত-শ্রোতাদের মোহিত করে। ভক্তিমূলক গানের সঙ্গে সঙ্গে দেশীয় ও আধুনিক সংগীতও অনুষ্ঠানকে ভিন্নমাত্রা যোগ করে।
শুধু প্রবাসী হিন্দু সম্প্রদায়ই নয়, নানা ধর্ম-বর্ণের মানুষ একসাথে উপস্থিত হয়ে উৎসব ভাগাভাগি করেছেন। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবার অংশগ্রহণে পূজামণ্ডপটি রূপ নেয় মিলনমেলায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, প্রবাসে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার অন্যতম উৎসব। মাতৃভূমির সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে ধারণ করে রাখার অঙ্গীকারই এই পূজা।
আজ বুধবার মহা নবমী পূজা এবং আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) মহা দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের শারদীয় দুর্গোৎসবের।



















