আফ্রিকার খনিজ সম্পদ ঘিরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিযোগিতা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বৈদ্যুতিক গাড়ি, আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে সামরিক সরঞ্জাম—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কোবাল্ট, লিথিয়াম, তামা ও ইউরেনিয়ামের মতো কৌশলগত খনিজ। এসব মূল্যবান সম্পদের বিশাল মজুত থাকায় আফ্রিকা এখন বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
আফ্রিকার খনি, বন্দর, রেলপথ ও বাণিজ্যিক পরিবহনব্যবস্থায় নিজেদের প্রভাব বাড়াতে প্রতিযোগিতায় নেমেছে দেশ তিনটি। তবে খনিজ সম্পদে প্রভাব বিস্তারের ক্ষেত্রে তাদের কৌশল ভিন্ন। চীন দীর্ঘদিন ধরে খনি, খনিজ প্রক্রিয়াজাতকরণ ও অবকাঠামো খাতে বিনিয়োগ করছে। রাশিয়া সামরিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে বিশেষ করে সাহেল অঞ্চলে প্রভাব বিস্তার করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র কূটনীতি, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজের বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তুলতে চাইছে।
খনিজ সম্পদে কেন এত আগ্রহ পরাশক্তিদের
আধুনিক প্রযুক্তি ও শিল্প উৎপাদনে কোবাল্ট, লিথিয়াম, তামা ও ইউরেনিয়ামের গুরুত্ব ক্রমেই বাড়ছে। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত ইলেকট্রনিকস এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে এসব খনিজ অপরিহার্য।
চীনের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রও বিকল্প উৎস থেকে এসব খনিজ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির শিল্পের জন্য গুরুত্বপূর্ণ খনিজের কৌশলগত মজুত গড়ে তুলতে ১২ বিলিয়ন ডলারের ‘প্রজেক্ট ভল্ট’ ঘোষণা করেন।
অন্যদিকে, আফ্রিকার সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর চীন ও আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ রেকর্ড ৩৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। খনি ও অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে মহাদেশটিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে বেইজিং।
রাশিয়ার অর্থনৈতিক উপস্থিতি তুলনামূলক সীমিত হলেও সামরিক সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারত্বের মাধ্যমে দেশটি প্রভাব বাড়াচ্ছে। ২০২৩ সালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত আফ্রিকা কর্পস মহাদেশে ওয়াগনার গ্রুপের বেশির ভাগ কার্যক্রমের দায়িত্ব নেয়।
ডিআর কঙ্গো কেন প্রতিযোগিতার কেন্দ্রে
আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে পরাশক্তিগুলোর প্রতিযোগিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। দেশটিতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ কোবাল্টের মজুত।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে উত্তোলিত মোট কোবাল্টের আনুমানিক ৭৩ শতাংশ এসেছে ডিআর কঙ্গো থেকে। দেশটির বড় কয়েকটি তামা ও কোবাল্ট খনিতে চীনা কোম্পানির মালিকানা ও অংশীদারত্ব রয়েছে। খনিজ প্রক্রিয়াজাতকরণেও চীনের প্রভাব উল্লেখযোগ্য।
এই পরিস্থিতিতে চীনের ওপর নির্ভরতা কমাতে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও ডিআর কঙ্গো কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। এর আওতায় খনিজ সম্পদ, অবকাঠামো ও প্রক্রিয়াজাতকরণ খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তবে চুক্তির বাস্তবায়ন নিয়ে ডিআর কঙ্গোর প্রত্যাশা আরও বেশি। চলতি মাসে দেশটির অর্থমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা ওয়াশিংটনের প্রতি বাস্তব বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তার মতে, চুক্তির সাফল্য নির্ভর করবে বাস্তবে কতগুলো প্রকল্প বাস্তবায়িত হয় তার ওপর। শুধু কাঁচামাল রপ্তানি নয়, স্থানীয়ভাবে খনিজ প্রক্রিয়াজাতকরণ, বিদ্যুৎ সরবরাহ ও কর্মসংস্থান বাড়াতে চায় দেশটি।
খনিজ সরবরাহের পথ নিয়ন্ত্রণেও প্রতিযোগিতা
আফ্রিকার খনিজ সম্পদের ওপর প্রভাব বিস্তার শুধু খনির মালিকানা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। খনি থেকে বন্দর এবং সেখান থেকে আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহনের পথ নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় আফ্রিকার বিভিন্ন দেশে অবকাঠামো খাতে বিনিয়োগ চলছে। পাল্টা উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও আফ্রিকান অংশীদারদের সঙ্গে ‘লোবিটো করিডর’ প্রকল্পে কাজ করছে।
এই প্রকল্পের মাধ্যমে অ্যাঙ্গোলার আটলান্টিক উপকূলের সঙ্গে ডিআর কঙ্গোর তামা ও কোবাল্ট উৎপাদনকারী অঞ্চলকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাম্বিয়া পর্যন্ত রেলপথ সম্প্রসারণের উদ্যোগও রয়েছে। এর মাধ্যমে আফ্রিকার গুরুত্বপূর্ণ খনিজ আন্তর্জাতিক বাজারে পরিবহনের বিকল্প পথ তৈরি হবে।
সাহেলে রাশিয়ার প্রভাব বাড়ছে
আফ্রিকার সাহেল অঞ্চলেও খনিজ সম্পদ ও ভূরাজনৈতিক প্রভাব নিয়ে প্রতিযোগিতা জোরালো হচ্ছে। মালি ও নাইজারে লিথিয়াম, সোনা ও ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুত রয়েছে।
সামরিক অভ্যুত্থান এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির পর মালি ও নাইজার রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। প্রতিবেশী বুরকিনা ফাসোও মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে।
তবে এই অঞ্চলে নিজেদের কূটনৈতিক অবস্থান ধরে রাখতে যুক্তরাষ্ট্রও তৎপর। গত ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা নিক চেকার মালি সফর করেন। এর মাধ্যমে সাহেল অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর প্রচেষ্টা স্পষ্ট হয়েছে।
আফ্রিকার লাভ কতটা
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার এই প্রতিযোগিতা আফ্রিকার দেশগুলোর সামনে বিদেশি বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে একাধিক পরাশক্তির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিজেদের জাতীয় স্বার্থে সুবিধাজনক চুক্তি করার সুযোগও রয়েছে।
তবে বিদেশি কোম্পানির মালিকানা, কাঁচামাল রপ্তানিনির্ভরতা, দুর্নীতি ও নিরাপত্তাহীনতার কারণে এসব সম্পদের সুফল স্থানীয় জনগণের কাছে কতটা পৌঁছাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিশ্লেষকদের মতে, আফ্রিকার দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে বিদেশি বিনিয়োগকে স্থানীয় শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগানো।
সব মিলিয়ে আফ্রিকার খনিজ সম্পদ ঘিরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিযোগিতা নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করছে। তবে শেষ পর্যন্ত এই বিপুল সম্পদের প্রকৃত সুফল কতটা আফ্রিকার জনগণের কাছে পৌঁছায়, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ



















