টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, ফেসবুকে ভিডিও পোস্ট
বাংলাদেশে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এ ঘটনায় কেউ আহত হননি।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। পরে সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী এ ঘটনায় জড়িত থাকার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করছেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তাঁরা বাইরে কাজ করছিলেন। দুপুরে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে এসে একটি দরজার কিছু অংশ পুড়ে যেতে দেখেন। তবে ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি।
তিনি আরও বলেন, যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরাই আবার ফেসবুকে ভিডিওটি পোস্ট করেছেন। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আজকের পত্রিকা



















