Logo

আন্তর্জাতিক    >>   চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আন্তর্জাতিক আবেদন, চেঞ্জ ডট অর্গে ৬১৩ জনের স্বাক্ষর: দীপাবলির আগে মুক্তির আহ্বান, সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি

চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আন্তর্জাতিক আবেদন, চেঞ্জ ডট অর্গে ৬১৩ জনের স্বাক্ষর: দীপাবলির আগে মুক্তির আহ্বান, সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি

চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আন্তর্জাতিক আবেদন, চেঞ্জ ডট অর্গে ৬১৩ জনের স্বাক্ষর: দীপাবলির আগে মুক্তির আহ্বান, সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নেতা শ্রীচিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অনলাইন পিটিশন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট অর্গ (Change.org)। গত ১ নভেম্বর ২০২৬ শুরু হওয়া এই আবেদনে ৬ নভেম্বর পর্যন্ত ৬১৩ জন স্বাক্ষর করেছেন। আবেদনকারীরা দীপাবলির আগে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার নেতা শিতাংশু গুহের নেতৃত্বে পরিচালিত এ আবেদনে ৬০৭ জন শেয়ার করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্রে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, তিনি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, অথচ একটি হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে কারাগারে রয়েছেন। তাঁকে মুক্তি দিয়ে ন্যায়বিচার, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পিটিশনে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে ইসকনের পতাকা স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তাঁকে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে আবেদনকারীদের অভিযোগ। তাঁদের দাবি, চিন্ময় প্রভুকে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অভিযোগের যথাযথ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

আবেদনপত্রে অ্যাডভোকেট আলিফের হত্যাকাণ্ডকে অত্যন্ত দুঃখজনক ও নৃশংস ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, ঘটনার সময় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু পুলিশ হেফাজতে ছিলেন। এ মামলায় আরও কয়েকজন হিন্দু যুবক কারাগারে রয়েছেন বলেও পিটিশনে উল্লেখ করা হয়েছে।

চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেছিলেন বিএনপির এক কর্মী, যাকে পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা হয় বলে আবেদনে দাবি করা হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের বক্তব্য উদ্ধৃত করে পিটিশনে বলা হয়েছে, ওই কর্মীকে একটি গোয়েন্দা সংস্থা মামলা করতে বাধ্য করেছিল। আবেদনকারীরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

পিটিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে ইতিবাচক মনোভাবের উল্লেখ করে বলা হয়েছে, তাঁর নেতৃত্বে বিষয়টি মানবিক ও ন্যায়সংগতভাবে বিবেচিত হতে পারে বলে আবেদনকারীরা আশাবাদী। তাঁদের মতে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে সোচ্চার থাকার কারণে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা করা হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীকে বিষয়টি ধৈর্য ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গও পিটিশনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। আবেদনকারীরা ২০১২ সাল থেকে রামু, নাসিরনগর, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করেছেন। তাঁদের বক্তব্য, এসব ঘটনার অনেক ক্ষেত্রেই ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

পিটিশনে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বন্ধ করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ ছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্টকে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্লাসফেমি আইনের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে পিটিশনে অভিযোগ করা হয়েছে। আইনটির অপব্যবহার বন্ধ এবং প্রয়োজনীয় সংস্কার বা বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ইসলাম ধর্মকে অবমাননার মিথ্যা অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীরা দাবি করেছেন, রাষ্ট্রের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি নিয়ে কেবল বক্তব্য বা আনুষ্ঠানিক আশ্বাস নয়, বরং বাস্তব পদক্ষেপ গ্রহণের ওপর তাঁরা গুরুত্ব দিয়েছেন।

আবেদনপত্রে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর বিচারপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে তাঁর আইনজীবীদের উপস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের ৩ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর পক্ষে আইনজীবী উপস্থিত হতে না পারার কারণে শুনানি পিছিয়ে ২০২৫ সালের ২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে। তাঁর আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষকে আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া চিন্ময় প্রভুর জামিন শুনানির পর তাঁর আইনজীবী রমেন রায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে গুরুতর আহত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি শয্যাশায়ী ছিলেন বলে আবেদনপত্রে দাবি করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আবেদনকারীরা বিচারপ্রক্রিয়ায় আইনজীবীদের নিরাপত্তা, অভিযুক্তের আইনি অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পিটিশনের শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে সব ধর্মের মানুষের জন্য সমান ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আবেদনকারীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।
সূত্র: সন্ধান২৪.কম ।