Logo

আন্তর্জাতিক    >>   ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে জি-৭

ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে জি-৭

ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে জি-৭

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে মুখে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল ও জ্বালানি পণ্য ছাড়তে সম্মত হয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। এর মধ্যে প্রথম দফায় উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল দ্রুত বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটটির শুক্রবারের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়।

জি-৭ জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (IEA) মাধ্যমে সমন্বিতভাবে মোট ১০ কোটি ব্যারেল তেল ও জ্বালানি পণ্য ছাড়ার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রম আগামী চার মাস ধরে চলবে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে। তবে মোট ১০ কোটি ব্যারেলের মধ্যে কতটা অপরিশোধিত তেল এবং কতটা ডিজেল বা অন্যান্য পরিশোধিত জ্বালানি থাকবে, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ডিজেল ছাড়ার বিষয়েও আইইএর আওতায় আলোচনা হবে।

জ্বালানির দাম দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ডিজেলের সরবরাহ ও দামের ওপর চাপ তৈরি হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোকে তাদের মজুত থেকে জ্বালানি ছাড়ার জন্য চাপ বাড়ায়।

এর আগে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে শুক্রবার ট্রাম্প স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না। একই সময়ে জি-৭ দেশগুলো নিজেদের মধ্যে জ্বালানি রপ্তানি সীমিত না করার বিষয়ে একমত হয়েছে।

জি-৭-এর এই উদ্যোগের লক্ষ্য জরুরি মজুত ব্যবহার করে বাজারে অতিরিক্ত জ্বালানি সরবরাহ করা এবং দাম কমাতে সহায়তা করা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সম্মিলিতভাবে মজুত ছাড়ার ফলে বাজারে তারল্য বাড়বে এবং জ্বালানির দাম কমতে পারে।

এর আগে মার্চে আইইএর সমন্বয়ে সদস্য দেশগুলো জরুরি মজুত থেকে ৪২৬ মিলিয়ন ব্যারেল তেল ও জ্বালানি পণ্য ছাড়ার উদ্যোগ নিয়েছিল। নতুন ১০ কোটি ব্যারেলের ঘোষণা সেই আগের প্রতিশ্রুতির অতিরিক্ত নাকি তারই অংশ—এ বিষয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

এদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রয়টার্স/ইপসোসের ২১ সেপ্টেম্বর প্রকাশিত জরিপে ট্রাম্পের সামগ্রিক অনুমোদন ৩২ শতাংশে নেমে আসে, যা ওই জরিপ অনুযায়ী তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন। জরিপটি ১,২৭৭ জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত হয়েছিল এবং এর মার্জিন অব এরর ছিল ৩ শতাংশ পয়েন্ট। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, জাগোনিউজ