জাসদ কার্যালয়ে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারে বিজিপির নিন্দা: রাজনৈতিক অধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবি এম এ আলীম সরকারের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কার্যালয়ে হামলা এবং দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)। দলটির সভাপতি এম এ আলীম সরকার এ ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সংকুচিত করার উদ্বেগজনক প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এম এ আলীম সরকার বলেন, শনিবার জাসদের কার্যালয়ে বর্ধিত সভা চলাকালে হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা নিন্দনীয়। কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হয় এবং গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু ভিন্নমতের কারণে কোনো দল বা সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, মতপ্রকাশ এবং সাংগঠনিক স্বাধীনতা বাধাগ্রস্ত করা উচিত নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং অবাধে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।
বিজিপি সভাপতি আরও বলেন, রাজনৈতিক বিরোধীদের দমন কিংবা হয়রানি করে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বরং সব রাজনৈতিক দলের জন্য নিরাপদ ও স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক কার্যালয়ে হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি রাজনৈতিক মতপার্থক্য নিরসনে দমন-পীড়নের পরিবর্তে গণতান্ত্রিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদের দমনের প্রবণতা বন্ধ করে সব দলের গণতান্ত্রিক অধিকার ও সাংগঠনিক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।



















