ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি কৌশলগত হতাশার লক্ষণ: ইরানের সামরিক বাহিনী
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত হতাশা’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আগের চেয়েও ‘ধ্বংসাত্মক’ ও ‘কম অনুমানযোগ্য’ হামলার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে তেহরান।
ইরানের জেনারেল স্টাফের একটি বিবৃতি দেশটির মেহর নিউজ এজেন্সি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনকে’ ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন।
ইরানের সামরিক বাহিনী বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ‘কৌশলগত অচলাবস্থা’র প্রকাশ। তাদের দাবি, ট্রাম্পের বারবার দেওয়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের শক্তির প্রমাণ নয়, বরং ‘কৌশলগত হতাশা’র বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে কোনো হামলা হলে তার জবাব আগের হামলাগুলোর তুলনায় আরও ‘ধ্বংসাত্মক’ ও ‘কম অনুমানযোগ্য’ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনার পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্রকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি দেন। তার বক্তব্যের পর ইরানের সামরিক বাহিনী পাল্টা কঠোর অবস্থানের কথা জানায়।
এদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বৈঠক হয়েছে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ



















