Logo

আন্তর্জাতিক    >>   পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর ভাতিজির ‘রহস্যজনক’ মৃত্যু: ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর ভাতিজির ‘রহস্যজনক’ মৃত্যু: ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর ভাতিজির ‘রহস্যজনক’ মৃত্যু: ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টি মুখার্জীর (২৮) ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃষ্টি মুখার্জি মমতা ব্যানার্জীর মামাতো ভাই নিহার মুখার্জীর মেয়ে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার একটি কক্ষে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তার গলায় সাদা রঙের কাপড় জড়ানো ছিল বলে পরিবারের দাবি।

খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বৃষ্টির আত্মীয় সন্ধ্যা মুখার্জি জানান, সকাল ৯টার দিকে বাড়ির দোতলার ঘরে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে কী কারণে বৃষ্টি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

এদিকে বৃষ্টি মুখার্জিকে ঘিরে অতীতেও বিতর্ক ছিল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পাশাপাশি সম্প্রতি স্বামী কৌশিক ঘটকের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের ১২ বছরের একটি সন্তান রয়েছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টির বিয়ে হয়েছিল কার্তিক ঘটকের ছেলে কৌশিক ঘটকের সঙ্গে। তবে বর্তমানে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছিল।

বৃষ্টির মৃত্যুর ঘটনায় একাধিক বিষয় সামনে আসায় পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। সূত্র: জাগোনিউজ