Logo

খেলাধুলা    >>   ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব নিয়ে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ার পর এবার তার বিরুদ্ধে উঠেছে ব্যক্তিগত সম্পর্ক ও অর্থ প্রদানের গুরুতর অভিযোগ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উয়েফার মহাসচিব থাকাকালে কথিত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক নারীকে বিদায়কালীন অর্থ দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অর্থের পরিমাণ ছিল ছয় অঙ্কের। তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন ইনফান্তিনো। তার মুখপাত্রের দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইনফান্তিনো। ওই সময় এক নারীকে অর্থ দেওয়ার ঘটনা উয়েফা অবশ্য নিশ্চিত করেছে। তবে সংস্থাটির ব্যাখ্যা, এটি কোনো অনৈতিক সম্পর্কের কারণে দেওয়া অর্থ নয়; বরং স্থানীয় একটি বিজনেস স্কুলে ওই নারীর এমবিএ কোর্সের খরচ বহনের জন্য অর্থ দেওয়া হয়েছিল।

উয়েফার ভাষ্য অনুযায়ী, সে সময়কার প্রচলিত নিয়ম মেনেই অর্থ প্রদান করা হয়েছিল। পরবর্তী সময়ে সংস্থাটি তাদের নীতিমালা আরও কঠোর করে এবং আধুনিক ও উচ্চপ্রোফাইল একটি প্রতিষ্ঠানের উপযোগী নতুন নিয়ম চালু করে।

অন্যদিকে, ইনফান্তিনোর মুখপাত্র দাবি করেছেন, তার আচরণ নিয়ে উয়েফা বা ফিফার কোনো কর্মী কখনো অভিযোগ করেননি। তার বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ কিংবা কোনো বিধি লঙ্ঘনের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব ঘিরে বিতর্কের মধ্যেই ইনফান্তিনোকে নিয়ে নতুন এই অভিযোগ সামনে এলো। ফলে ফিফা সভাপতির নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে চলমান বিতর্ক আরও জোরালো হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: দ্য ডেইলি টেলিগ্রাফ, জাগোনিউজ