Logo

খেলাধুলা    >>   আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে হত্যার হুমকি!

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে হত্যার হুমকি!

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে হত্যার হুমকি!

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

২০২৬ বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এমনকি মেসিকে লক্ষ্য করে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছিল। ফাঁস হওয়া একটি পুলিশি নথির বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নথি অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে মেসিসহ একাধিক তারকা ও ম্যাচ কর্মকর্তাকে ঘিরে বোমা হামলার হুমকি, অনুসরণ, অনলাইন হয়রানি এবং হত্যার হুমকির মতো গুরুতর নিরাপত্তা ঘটনা নথিভুক্ত করা হয়।

সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর একটি ঘটে ২৮ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে। ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে দাবি করেন, তিনি ডালাস স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। তার সঙ্গে আরও দুজন রয়েছে এবং তাদের কাছে হাতে তৈরি বোমা ও একটি এআর-১৫ রাইফেল রয়েছে। ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তা ও দুই দলের খেলোয়াড়দের লক্ষ্য করার হুমকি দেন। পুলিশের নথিতে মেসির নামও বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মেসিকে উড়িয়ে দেওয়ার হুমকি

মেসিকে ঘিরে আরও ভয়াবহ হুমকি আসে ৭ জুলাই আর্জেন্টিনা ও মিসরের ম্যাচের সময়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যক্তি দাবি করেন, তিনি আটলান্টার স্টেডিয়ামে প্রবেশ করতে যাচ্ছেন এবং শরীরে চারটি বোমা বেঁধে মেসিকে লক্ষ্য করে হামলা চালাবেন।

একই দিনে স্টেডিয়ামে তিনটি বোমা রাখা হয়েছে বলেও পুলিশকে ফোন করে জানানো হয়। হুমকিগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়ে ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে স্টেডিয়ামে ব্যাপক তল্লাশি চালানো হয়। বিস্ফোরক শনাক্তকারী বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুর ও কে-৯ ইউনিটের সদস্যরা নিরাপত্তা অভিযানে অংশ নেন। তবে এসব হুমকির কোনোটি বাস্তব হামলায় রূপ নেয়নি।

রোনালদোকেও অনুসরণ ও হয়রানি

শুধু মেসি নন, পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হয়। পুলিশের নথিতে তার আবাসনের তথ্য জানার চেষ্টা এবং তার কাছাকাছি যাওয়ার জন্য এক ব্যক্তির প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে।

হিউস্টনে রোনালদো যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানে তার থাকার তথ্য জানার চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আরেক ঘটনায় কানাডায় এক ভক্ত রোনালদোর সঙ্গে একই লিফটে প্রবেশের চেষ্টা করেন। বিশ্বকাপ চলাকালে হিউস্টনে রোনালদোর হোটেলের বাইরে অবশ্য বিপুলসংখ্যক সমর্থক জড়ো হয়েছিল।

এমবাপে ও রেফারিও হুমকির শিকার

ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকেও বিশ্বকাপ চলাকালে অনলাইন হয়রানি ও বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ছড়ায়। ফ্রান্সের কাছে প্যারাগুয়ে বিদায় নেওয়ার পর দেশটির কিছু সমর্থক এমবাপের কুশপুত্তলিকাও পোড়ায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর তীব্র অনলাইন হয়রানির শিকার হন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। পুলিশের নথি অনুযায়ী, মিসরের হারের পর তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ৬ হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

আরও কয়েকজন খেলোয়াড়কে হুমকি

বিশ্বকাপ চলাকালে অ্যাটলেটিকো মাদ্রিদের নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেকজান্ডার সোরলথ ও তার স্ত্রীও হুমকির শিকার হন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। ম্যাচে গোলের সুযোগ নষ্ট করার পর তাদের উদ্দেশে হুমকি দেওয়া হয়। কলম্বিয়ার জামিন্তন কাম্পাজ এবং ফ্রান্সের লুকাস দিনিয়ের বিরুদ্ধেও ম্যাচ-সংক্রান্ত ঘটনায় হুমকির অভিযোগ পাওয়া যায়।

বিশ্বকাপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইন্টারন্যাশনাল পুলিশ কো-অপারেশন সেন্টার (আইপিসিসি) কাজ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সন্ত্রাসবাদ-সংক্রান্ত সতর্কতা, খেলোয়াড়দের বিরুদ্ধে হুমকি, সমর্থকদের বিশৃঙ্খলা এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি পর্যবেক্ষণে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেছে এই কাঠামো।

বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে তারকাদের নিরাপত্তা বরাবরই বড় চ্যালেঞ্জ। তবে মেসি, রোনালদো, এমবাপে ও একজন শীর্ষ রেফারিসহ একাধিক ব্যক্তিকে ঘিরে এতগুলো গুরুতর হুমকির তথ্য প্রকাশ্যে আসায় ২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন, জাগোনিউজ