শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরতে চান সাকিব আল হাসান
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেশে ফেরা হয়নি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। বিদায়ী টেস্ট খেলতে ওই বছরের অক্টোবরে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত শঙ্কায় দুবাই থেকেই ফিরে যেতে হয়েছিল তাকে।
তবে দেশের মাটিতে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন এখনও দেখছেন এই অলরাউন্ডার। পাশাপাশি নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোরও আইনি লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, "সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হতে প্রস্তুত।"
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সে সময় তিনি সংসদ সদস্যও ছিলেন। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি।
সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রসঙ্গও উঠে আসে। গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী সম্প্রতি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এ বিষয়ে সাকিব বলেন, যদি এখনই তার দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন।
তার ভাষায়, "নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলবো।"
এ ছাড়া সম্প্রতি দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়ে নিজের কোনো অনুশোচনা নেই বলেও জানিয়েছেন সাকিব। তার দাবি, ওই অনুষ্ঠানে তিনি কেবল শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথাই বলেছেন। সূত্র: জাগোনিউজ



















