Logo

খেলাধুলা    >>   থিয়াগোকে নিয়ে এক শব্দেই সব গুজব উড়িয়ে দিলেন লিওনেল মেসি

থিয়াগোকে নিয়ে এক শব্দেই সব গুজব উড়িয়ে দিলেন লিওনেল মেসি

থিয়াগোকে নিয়ে এক শব্দেই সব গুজব উড়িয়ে দিলেন লিওনেল মেসি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের হতাশা পেছনে ফেলে আবারও ক্লাব ফুটবলে মনোযোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে ইতোমধ্যেই দুটি ম্যাচ খেলেছেন তিনি। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তাকে এবং তার পরিবারকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবও সামলাতে হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালোভাবে ছড়িয়ে পড়ে, মেসির বড় ছেলে থিয়াগো মেসি নাকি ইন্টার মায়ামি ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিতে যাচ্ছে। সেই গুঞ্জন শেষ পর্যন্ত নিজেই উড়িয়ে দিয়েছেন মেসি।

লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে ম্যাচের আগে স্টেডিয়ামে প্রবেশের সময় সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে হাঁটছিলেন মেসি। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, "থিয়াগো কি ইন্টার মায়ামি ছাড়ছে?"

হাঁটতে হাঁটতেই এক কথায় জবাব দেন মেসি—"না।"

মেসির এই সংক্ষিপ্ত উত্তরেই থিয়াগোর বার্সেলোনায় যোগ দেওয়া কিংবা মেসি পরিবারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে চলা সব জল্পনার ইতি ঘটে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির একাডেমিতে খেলছেন থিয়াগো মেসি। মূলত মিডফিল্ডার হিসেবে খেলা এই কিশোর যুক্তরাষ্ট্রে পরিবারসহ পাড়ি জমানোর পর থেকেই ক্লাবটির বয়সভিত্তিক দলে নিজের ফুটবল বিকাশ অব্যাহত রেখেছেন। বর্তমানে তার ইন্টার মায়ামি ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেই স্পষ্ট করেছেন তারকা ফুটবলার লিওনেল মেসি। সূত্র: জাগোনিউজ