নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের হুঁশিয়ারি!
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে নতুন করে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির দাবি, উপসাগরীয় অঞ্চলে প্রতিশোধমূলক সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হলেও, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, বর্তমানে উপসাগরীয় এলাকায় ইরানের পাল্টা সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে এবং এর প্রভাব গোটা অঞ্চলে পড়বে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের ঠিক আগে দেওয়া এই বক্তব্য চলমান আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজের তথ্য অনুযায়ী, সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শনের সময় হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হলে প্রেসিডেন্ট দ্রুত পুনর্গঠন কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করা সরকারের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। তিনি রেলপথ সম্প্রসারণ, আন্তর্জাতিক ট্রানজিট করিডোর উন্নয়ন এবং কৌশলগত অবকাঠামো পুনর্গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তার ভাষায়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণ ইরানের অর্থনীতিকে আরও সহনশীল করবে, আন্তর্জাতিক ট্রানজিট সক্ষমতা বাড়াবে এবং দেশের ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ।



















