অতীতের ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আবদুল কাদের মির্জা: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মাধ্যমেই রাজনৈতিক দলের আস্থা পুনর্গঠন সম্ভব—ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্তব্য
প্রজ্ঞা নিউজ ডেস্ক | হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা অতীতের ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির বিকল্প নেই।
তিনি বলেন, “আমাদের আত্মশুদ্ধিতে গুরুত্ব দিতে হবে। আত্মসমালোচনা যেকোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আত্মসমালোচনার মধ্য দিয়েই আত্মশুদ্ধির পথ উন্মুক্ত হয় এবং একটি দল সঠিক পথে এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করে।”
গত ২২ জুলাই ২০২৬ (বুধবার) বাংলাদেশ সময় রাত ৯টা এবং নিউইয়র্ক সময় সকাল ১১টায় ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’ আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল কাদের মির্জা বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর ভুল সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে দল সম্পর্কে জনগণের একটি অংশের কাছে নেতিবাচক বার্তা পৌঁছেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দেশবিরোধী অপশক্তি আওয়ামী লীগকে জনগণের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তবে বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের অপচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশ-বিদেশের অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর আহ্বায়ক সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব কবি ও সাংবাদিক শফিক বাবু।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. শাহনেওয়াজ বারী আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে একটি সাহসী রাজনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার অনুপস্থিতিতে ভালো নেই এবং বর্তমান পরিস্থিতিতে তাঁর নেতৃত্ব দেশের জন্য প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি. এম. তরিকুল ইসলাম, গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাজ্য প্রবাসী এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সেলিনা আক্তার জোছনা, সিনিয়র সাংবাদিক খন্দকার তারেক রায়হান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সাজেদা পারভীন সাজু, ওয়ারেছুন্নবী খন্দকার, আহমেদ রাসেল, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম-এর সম্পাদক ও কানেকটিকাট প্রবাসী সাংবাদিক আরিফুর রহমান আরিফ, চ্যানেল আইয়ের সাংবাদিক এ. ইসলাম, জহিরুল ইসলাম, আক্তার হোসেন, সাজ্জাদ হোসেন, এইচ. এম. দুলাল, তুলনা আফরিন, জিল্লুর রাসেল, মারজিয়া আক্তার বৈশাখীসহ দেশ-বিদেশের সাংবাদিক, লেখক, কবি ও সংস্কৃতিকর্মীরা। সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



















