Logo

আন্তর্জাতিক    >>   কর্নেল তাহেরের ৫০তম হত্যা দিবস পালন: মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণের আহ্বান জাসদের

কর্নেল তাহেরের ৫০তম হত্যা দিবস পালন: মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণের আহ্বান জাসদের

কর্নেল তাহেরের ৫০তম হত্যা দিবস পালন: মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণের আহ্বান জাসদের

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীরউত্তম শহীদ কর্নেল আবু তাহেরের ৫০তম হত্যা দিবস উপলক্ষে রাজধানী ঢাকা, নেত্রকোনা, দেশের বিভিন্ন জেলা-উপজেলা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনটি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, দিবসটি উপলক্ষে গত ২১ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা, নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ছিল উল্লেখযোগ্য।

ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ারুল হক। এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল (মা-লে), গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টিসহ বিভিন্ন বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। এছাড়া জাসদের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

বক্তারা শহীদ কর্নেল আবু তাহেরকে মুক্তিযুদ্ধের চেতনা, শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক আদর্শের অন্যতম প্রতীক হিসেবে অভিহিত করেন। তাদের ভাষ্য অনুযায়ী, কর্নেল তাহের স্বাধীনতার পরপরই ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ও পুঁজিবাদী ব্যবস্থার কারণে স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থানের আশঙ্কা করেছিলেন এবং সে কারণেই মুক্তিযোদ্ধাদের বিপ্লবী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিলেন।

আলোচনায় বক্তারা আরও বলেন, কর্নেল তাহের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন এবং সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে সামরিক ট্রাইব্যুনালের বিচারে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পুনর্জাগরণ গড়ে তুলতে হবে।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এবং দাবি করেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাবন্দী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি নিশ্চিত করা প্রয়োজন।

আলোচনা সভার আগে শহীদ কর্নেল আবু তাহেরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জাসদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল (মা-লে), গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় শ্রমিক জোট, জাতীয় যুব জোট, জাতীয় নারী জোট, জাতীয় আইনজীবী পরিষদ এবং বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র)সহ বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে শহীদ কর্নেল আবু তাহেরের সমাধিতে জাসদের কেন্দ্রীয়, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় কর্নেল তাহেরের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও কর্নেল তাহের অনুসারীদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন। সভায় বক্তারা কর্নেল তাহেরের রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সূত্র : হাকিকুল ইসলাম খোকন ।