Logo

রাজনীতি    >>   উগ্রবাদ ও চরমপন্থাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: তারেক রহমান

উগ্রবাদ ও চরমপন্থাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: তারেক রহমান

উগ্রবাদ ও চরমপন্থাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: তারেক রহমান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের বর্তমান সরকার কোনোভাবেই উগ্রবাদ বা চরমপন্থাকে প্রশ্রয় দেবে না বলে জাতীয় সংসদে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে সরকার বিরোধী দলেরও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করে। বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল এই সংসদে কোনো কোনো বিষয়ে হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সঙ্গে অনেক বিষয়ে একমতও পোষণ করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উগ্রবাদ ও চরমপন্থাকে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না। আশা করি, এ ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে রাষ্ট্র ও সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়। প্রধানমন্ত্রী সদ্য পাস হওয়া বাজেটকে ‘জীবনবান্ধব ও জনবান্ধব’ উল্লেখ করে বলেন, বাজেট উপস্থাপনের পর বিভিন্ন স্বাধীন বিশ্লেষক ও গবেষণা সংস্থাও স্বীকার করেছে যে এটি জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো ঋণনির্ভর অর্থনীতি থেকে দেশকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সরকার পুলিশ বাহিনীকে একটি সম্পূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশের সব রাজনৈতিক দল যে ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেছিল এবং বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ রূপরেখা ছিল, তা এখন আর কোনো একক দলের কর্মসূচি নয়; বরং দেশের মানুষের অভিন্ন অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: বিবিসি