দেশকে রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মহিবুল হাসান চৌধুরী নওফেল—‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর ভার্চুয়াল সভায় দেশ-বিদেশের সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
দেশ-বিদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ করতে প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গত ৬ জুলাই ২০২৬ সোমবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর টেলিগ্রাম গ্রুপের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক, কবি, সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশের বর্তমান বাস্তবতায় গ্রেফতার, ভয়ভীতি ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে যেসব সাংবাদিক সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন, তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি দাবি করেন, প্রগতিশীল সাংবাদিকদের ধারাবাহিক লেখনী দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং সত্য তুলে ধরার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত পরিচয়ই তাদের সবচেয়ে বড় পরিচয় এবং এই পেশার মর্যাদা বিশ্বব্যাপী স্বীকৃত। দেশের এই সংকটময় সময়ে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
নওফেল তার বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার নেতৃত্ব, নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তথ্যভিত্তিক লেখনীর মাধ্যমে অপপ্রচার মোকাবিলা এবং বাংলাদেশের প্রকৃত বাস্তবতা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী ও অপশক্তি দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর লেখালেখিকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দেশবিরোধী ও জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আরেক বিশেষ অতিথি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রেস কোরের সদস্য ও সিনিয়র সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর বলেন, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এখন তার সমর্থকদের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।
সিনিয়র সাংবাদিক সাজেদা পারভীন সাজু-এর সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ও কবি শফিক বাবু-র সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষ, লায়ন হাকিকুল ইসলাম খোকন, আহমেদ রাসেল, খোন্দকার তারেক রায়হান, এইচ এম দুলাল, সাজ্জাদ হোসেন, ওয়ারেছুন্নবী খন্দকার, জাহেদা আক্তার টুম্পা, তুলনা আফরিন, সিরাজুল ইসলাম রাজ, ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ ডটকম-এর সম্পাদক ও নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, জালাল উদ্দীনসহ দেশ-বিদেশের সাংবাদিক, কলামিস্ট, কবি, সাহিত্যিক, গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন নিউরোসার্জন ডা. শাহনেওয়াজ বারী, শিক্ষাবিদ ড. জি. এম. তরিকুল ইসলাম, গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার এবং বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আনসারুল হক আনসার।
উল্লেখ্য, এ প্রতিবেদনে সভায় বক্তাদের উপস্থাপিত বক্তব্য ও মতামত তুলে ধরা হয়েছে। এসব বক্তব্য সংশ্লিষ্ট বক্তাদের নিজস্ব রাজনৈতিক মতামত।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন ।



















