শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল বাংলাদেশ, ঢাকাসহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ জুলাই) এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়, উত্তরার বিএনএস সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন। পরে সেখানে অন্যান্য শিক্ষার্থীরাও যোগ দেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা "মিলন–ভুয়া, মিলন–ভুয়া", "দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ", "তুমি কে, আমি কে—ফার্মের মুরগি" এবং "আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম"সহ বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় গণমাধ্যমকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আন্দোলনে অংশ নেওয়ায় অনেক পরীক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাননি। সেই কারণে বুধবারের পরীক্ষা স্থগিত না করায় তারা ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন।
শুধু রাজধানীতেই নয়, জয়পুরহাট ও বরিশালসহ দেশের আরও কয়েকটি জেলায় একই দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এদিকে চলমান পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র: বিবিসি



















