বিশ্বকাপ ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বিশ্বকাপে মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী মেক্সিকো সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অ্যালকোহল বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কার্যকর থাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে শহরের কেন্দ্রস্থল এবং প্রধান উদযাপন এলাকা। কর্তৃপক্ষের ধারণা, ম্যাচ চলাকালে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে খেলা উপভোগ ও উদযাপনে অংশ নেবেন।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপনে শহরের বিখ্যাত অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স এলাকায় প্রায় চার লাখ এবং প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জোকালো স্কয়ারে আরও প্রায় দুই লাখ সমর্থক জড়ো হয়েছিলেন। এবারও একই ধরনের জনসমাগমের আশঙ্কায় এসব এলাকায় অ্যালকোহল বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তবে রেস্তোরাঁ ও বারে বসে অ্যালকোহল সেবনের অনুমতি বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের পর উদযাপন শেষে পরিচ্ছন্নতা কর্মীরা প্রায় ৪০ টন আবর্জনা অপসারণ করেন। সেই অভিজ্ঞতা থেকেই এবার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: জাগো নিউজ



















