ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘যথাযথ জবাব’ দেবে হিজবুল্লাহ: মাহমুদ কামাতি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার ‘যথাযথ জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি জানিয়েছেন, ইসরায়েলের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সংগঠনটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
কামাতি বলেন, যুদ্ধের আগের সেই পরিস্থিতিতে আর ফেরা হবে না, যখন ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিন লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাত, অথচ হিজবুল্লাহ পাল্টা হামলা থেকে বিরত থাকত। তার দাবি, বর্তমানে সংগঠনের যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ইসরায়েলের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের মোকাবিলা করতে প্রস্তুত।
অন্যদিকে, লেবাননের ভেতরে মোতায়েন ইসরায়েলি বাহিনীর কার্যক্রমে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, সেনাবাহিনী যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
একই সঙ্গে কাৎজ স্পষ্ট করে জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডে প্রতিষ্ঠিত তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা বর্তমানে নেই। এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরান ঘোষণা দিয়েছে, লেবাননে চলমান সংঘাত বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর কোনো চুক্তি বা নতুন আলোচনায় অংশ নেবে না তেহরান। ইরানের মতে, লেবানন যুদ্ধের অবসান ছাড়া ওয়াশিংটনের সঙ্গে বিস্তৃত সমঝোতার পরিবেশ তৈরি হবে না। সূত্র: জাগো নিউজ



















