Logo

খেলাধুলা    >>   উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে, বিশ্বকাপে আরেকটি রূপকথার জন্ম

উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে, বিশ্বকাপে আরেকটি রূপকথার জন্ম

উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে, বিশ্বকাপে আরেকটি রূপকথার জন্ম

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে যেন একের পর এক বিস্ময়ের জন্ম দিয়েই চলেছে। প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও হার মানেনি তারা। ফ্লোরিডায় অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর রোমাঞ্চকর ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ‘ব্লু শার্কস’রা।

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল পাওয়ার আনন্দের সঙ্গে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ড্র করে কেপ ভার্দে যেন আরেকটি রূপকথার জন্ম দিল। ম্যাচের ফলাফল তাদের জন্য জয়ের সমান বলেই বিবেচিত হচ্ছে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের হাতে। একের পর এক আক্রমণে কেপ ভার্দের রক্ষণভাগকে চাপে রাখে মার্সেলো বিয়েলসার দল। কিন্তু ২১তম মিনিটে সবাইকে চমকে দিয়ে এগিয়ে যায় কেপ ভার্দে। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া জোয়াও পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের জালে জড়িয়ে যায়। সেই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পায় কেপ ভার্দে।

গোল হজম করার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ফেদেরিকো ভালভার্দে, মানুয়েল উগার্তে ও রোনাল্ড আরাউহো একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান আরাউহো। রদ্রিগো বেনতানকুরের ডিফ্লেক্টেড হেডার থেকে ভেসে আসা বলে কাছ থেকে হেড করে জাল খুঁজে নেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আরাউহো। তার তৈরি করা সুযোগ থেকে আগুস্তিন কানোব্বিও সহজ ফিনিশিংয়ে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে দারুণ লড়াই চালিয়ে যায় কেপ ভার্দে। ম্যাচের ৬১তম মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে তারা। ডিফেন্ডার মাথিয়াস অলিভেরার ভুল পাস সরাসরি কেপ ভার্দের খেলোয়াড় ভারেলার সামনে চলে যায়। বদলি হিসেবে মাঠে নামা ভারেলা সুযোগ হাতছাড়া করেননি। দ্রুত বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন তিনি।

বাকি সময়ে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর কোনো গোল আদায় করতে পারেনি উরুগুয়ে। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আর কেপ ভার্দে লিখে যায় বিশ্বকাপের আরেকটি স্মরণীয় গল্প। সূত্র: জাগো নিউজ